ছেলের হাতে বাবা খুন

চট্টগ্রামের হাটহাজারীতে ছেলের কোদালের আঘাতে মারা গেছেন এক বাবা। নিহত ব্যক্তির নাম মো. মুছা (৪৫)। আজ শুক্রবার সকালে উপজেলার পশ্চিম মেখলের কাছিমার বটতল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ছেলে মো. সারেককে (১৮) আটক করেছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, সকালে ঘরের পাশে শৌচাগার থেকে বের হওয়ার পর মুছার মাথায় কোদাল দিয়ে আঘাত করেন তাঁর ছেলে সারেক। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছেন, সারেক দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন। সারেককে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।