
একটি চুরির মামলায় ১৭ মাস জেল খেটে জামিনে বের হয়েছিলেন রুবেল আহমদ (২৪)। জামিনে বের হয়ে ঘটান আরেকটি চুরির ঘটনা। নতুন করে দায়ের হওয়া চুরির মামলায় পুলিশের হাতে ধরা পড়েন তিনি। এবার তাঁর সঙ্গে গ্রেপ্তার হন তাঁর বড় ভাই জুয়েল আহমদ (২৮)। তাঁরা দুই ভাই কিশোরগঞ্জের লতিবপুর গ্রামের বাসিন্দা।
গত মঙ্গলবার বিকেল চারটার দিকে সিলেট শহরতলির খাদিমপাড়া ৪নং রোডের শাহনেওয়াজ রশীদ চৌধুরীর বাসা থেকে প্রায় চার ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে সিলেটের শাহপরান (রহ.) থানায় মামলা দায়ের করেন তিনি। মামলা দায়েরের পর ওই রাতেই রুবেলকে সিলেটের মেজরটিলা এলাকা থেকে আটক করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জুয়েলকে গতকাল শুক্রবার সকালে কানাইঘাটে শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়। এ সময় জুয়েলের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া স্বর্ণালংকার।
পুলিশ সূত্রে জানা গেছে, রুবেল আহমদের নামে এর আগেও দুটি চুরির মামলা আছে। একটি মামলায় ১৭ মাস ধরে জেলে ছিলেন তিনি। গত ২৭ ফেব্রুয়ারি জামিনে বের হন রুবেল। পরের দিন ২৮ ফেব্রুয়ারি খাদিমপাড়ার শাহনেওয়াজ রশীদের বাড়িতে ‘রেকি’ করেন তিনি। ঘটনাটি ধরা পড়েছে এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরায় (সিসিটিভি)। ‘রেকি’ করার তিন দিন পর গত মঙ্গলবার শাহনেওয়াজের বাড়ির জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে আলমারি ভেঙে প্রায় চার ভরি স্বর্ণালংকার নিয়ে যান। এ সময় শাহনেওয়াজ রশীদসহ পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না।
মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান (রহ.) থানার উপপরিদর্শক (এসআই) রিপটন পুরকায়স্থ প্রথম আলোকে বলেন, রুবেলকে চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।
শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, মামলায় দুই ভাইকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।