জাল নোটসহ ধরা

সিলেট নগরের সুরমা মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলকক্ষ থেকে জাল নোট তৈরির যন্ত্রসহ তিনজন ধরা পড়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) হাতে। গত রোববার রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সুরমা মার্কেটের তাজমহল হোটেল অ্যান্ড বদরুল রেস্ট হাউসের ৪ নম্বর কক্ষ থেকে তিনজনকে আটক করে। এরা হলো বালাগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের ওয়েছ আহমদ, মোগলাবাজারের গঙ্গানগরের আজিজুর রহমান ও গোলাগঞ্জের নোয়াই গ্রামের ফয়সাল আহমেদ। র‌্যাব জানায়, এদের কাছ থেকে এক হাজার টাকার ১৪টি জাল নোট, যন্ত্র ও ১১ বোতল কেমিক্যাল উদ্ধার করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিলেট