ট্রেনযাত্রীর কাছে মিলল আড়াই কেজি সোনা

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আড়াই কেজি সোনাসহ দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাখাল বণিক (৫২) ও বিজয় কুমার (৪২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনে করে রাখাল ও বণিক ঢাকায় আসেন। তাঁরা সোনা নিয়ে আসছেন বলে পুলিশ গোপন সংবাদ পায়। কমলাপুর স্টেশনে নামার পর ওই দুই যাত্রীকে তল্লাশি করা হয়। এ সময় তাঁদের প্যান্টের বেল্টের মধ্য থেকে ২০টি সোনার বার উদ্ধার করা হয়।

ওসির দেওয়া তথ্য মতে, উদ্ধার করা সোনার বারগুলোর ওজন প্রায় আড়াই কেজি। যার বাজারমূল্য প্রায় এক কোটি ২৫ লাখ টাকা। এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা করেছে পুলিশ।