ডাকাতির প্রস্তুতিকালে দুজন গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে গোপন খবরের ভিত্তিতে উপজেলার ভাড়াউড়া চা-বাগান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি চাপাতি, দুটি রামদা, শাবল, গ্রিল কাটার যন্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হবিগঞ্জের লাখাই উপজেলার জসিম মিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পরাশ মিয়া। শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই চা-বাগান এলাকায় ১০-১৫ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তখন অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।