জয়পুরহাটের আক্কেলপুরে দুটি সরকারি প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় গতকাল রোববার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহান আলী (৪০) ও তাঁর স্ত্রী রেবেকা খাতুন (৩৫) এবং সাইফুল ইসলাম। তাঁদের মধ্যে জাহান আলী ও রেবেকা বগুড়ার আদমদীঘি উপজেলার বড় আখিরা গ্রামের এবং সাইফুল একই উপজেলার বাগবাড়ি গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট রাতে উপজেলার জামালগঞ্জ হর্টিকালচার ও হাঁস-মুরগির খামারে ১০-১২ জনের একদল ডাকাত নিরাপত্তাপ্রহরীদের মারধর করে টাকাপয়সা, মুঠোফোন, স্বর্ণালংকার ও ল্যাপটপসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার পরদিন হর্টিকালচারের কর্মচারী আবদুল মোমেন আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করেন।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) কিরণ কুমার রায় জানান, মুঠোফোনের সূত্র ধরে ১ আগস্ট পুলিশ প্রথমে ডাকাত দলের সদস্য সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গতকাল রাতে জাহান আলী ও তাঁর স্ত্রী রেবেকা খাতুনকে গ্রেপ্তার করা হয়। এই দম্পতির দেওয়া তথ্য অনুযায়ী সাইফুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়। সে সময় সাইফুলের বাড়ি থেকে সরকারি দুটি প্রতিষ্ঠানের লুণ্ঠিত টিভি কার্ড ও মনিটর উদ্ধার করা হয়।