ঢাকায় 'বিস্ফোরকসহ দুই জঙ্গি' গ্রেপ্তার

জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছে বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই ও দাওয়াতপত্র পাওয়ার কথা জানিয়েছে র‍্যাব।

র‍্যাব বলছে, তাঁরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। গতকাল সোমবার রাত ১০টার দিকে যাত্রাবাড়ী রেললাইন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০–এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকীর ভাষ্য, গ্রেপ্তার দুজনের সাংগঠনিক নাম পাওয়া গেছে। একজনের সাংগঠনিক নাম আবদুর রাজ্জাক ওরফে মাসুম (২৮) ও আবদুল মোমিন ওরফে সোহেল (৩২)। দুজনই নারায়ণগঞ্জের হাজীপাড়ায় একটি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।