ঢাকা থেকে কিশোরগঞ্জে দাওয়াত দিয়ে এনে তিন ব্যক্তিকে আটকে রেখে আড়াই লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার পুলিশ ওই তিন ব্যক্তিকে উদ্ধার করেছে। এ ব্যাপারে নিকলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
ওই তিনজন হলেন গোপালগঞ্জের কোটালীপাড়ার চরকুলি এলাকার ইসহাক (৪০), তাঁর বন্ধু পটুয়াখালীর বাউফল উপজেলার করপুরহাটি গ্রামের আবদুল খালেক (৩৮) ও কুড়িগ্রামের বাজারহাট উপজেলার গুরিয়ালডাঙ্গা গ্রামের আবুল কাশেম (২৯)। তাঁরা সবাই পেশায় কাঠমিস্ত্রি, থাকেন ঢাকার মিরপুরে। তাঁদের কিশোরগঞ্জে ডেকে আনেন মহসিন। তিনি ঢাকায় রিকশা চালাতেন।
থানার পুলিশ ও অপহরণের শিকার ব্যক্তিরা জানান, গত শুক্রবার মুঠোফোনে ইসহাক ও তাঁর বন্ধুদের মহসিন কিশোরগঞ্জে তাঁর বাড়িতে বেড়াতে আসার অনুরোধ করেন। ওই দিন ঢাকা থেকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় আসেন তাঁরা। মহসিন এসে ইসহাক ও তাঁর বন্ধুদের নিয়ে একটি নদীতে ইঞ্জিনচালিত নৌকায় তোলেন। নৌকায় তোলার পর তাঁদের অপহরণ করা হয়েছে বলে জানানো হয়।