নির্দেশ অমান্য করে তথ্য সরবরাহ না করায় বিআইডব্লিউটিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দুই হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন ট্রাইব্যুনাল। আজ সোমবার ট্রাইব্যুনাল এ জরিমানা করে বলে তথ্য কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, তারিকুল ইসলাম লিংকন তথ্য অধিকার আইনের আওতায় তথ্য কমিশনের কাছে তথ্য চান। কিন্তু তিনি যথাসময়ে তথ্য পাননি। এ বছরের ১৫ জুলাই তথ্য কমিশন বিআইডব্লিউটিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামকে তথ্য দেওয়ার নির্দেশ দেন। কিন্তু তিনি যথাসময়ে তারিকুল ইসলামকে তথ্য দেননি। এ কারণে ট্রাইব্যুনাল তথ্য অধিকার আইন, ২০০৯-এর ধারা-২৭ মোতাবেক তাঁকে (নজরুল ইসলাম) জরিমানা দেওয়ার আদেশ দেন।
তথ্য কমিশন আজ ১২টি অভিযোগের মধ্যে মোট ছয়টির তাৎক্ষণিক নিষ্পত্তি করে এবং আগামী ২০ অক্টোবরে বাকি ছয়টি অভিযোগ শুনানির দিন ধার্য করে।