
যশোর শহরে একটি খাবারের হোটেলে আইমান রাহাত (১০) নামে এক শিশুর হাতে গরম তেল ঢেলে ঝলসে দেওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়ে ভৈরব হোটেলের এ ঘটনায় হোটেলটির এক বাবুর্চিকে আটক করেছে পুলিশ।
আহত আইমান যশোরে অভয়নগর উপজেলা সদরের চেঙ্গুটিয়া বাজার এলাকার জামাল মোল্লার ছেলে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। আটক বাবুর্চি ইব্রাহিম বিশ্বাস যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, আইমানের মা স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে আসেন। এরপর তিনি তাঁর ছেলেকে নিয়ে রাতের খাবার খেতে ভৈরব হোটেলে যান। খাওয়া শেষে হোটেল থেকে বের হওয়ার সময় প্রবেশপথে বাবুর্চি ইব্রাহিমের সঙ্গে শিশুটির ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে শিশু আইমানের শরীরে গরম তেল ছুড়ে দেয় ইব্রাহিম বিশ্বাস। শিশুটির বাঁ হাত ঝলসে যায়। স্থানীয় লোকজন শিশুটিকে দ্রুত স্থানীয় ক্লিনিকে জরুরি চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, শিশুর হাতে গরম তেল ঢেলে নির্যাতনের ঘটনায় হোটেলের এক কর্মচারীকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ সাংবাদিকদের বলেন, রাতে আইমান নামে এক শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তার বাঁ হাত গরম তেলে ঝলসে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।