বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার রাতে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেছেন ছাত্রীর বাবা।
স্থানীয় লোকজন ও স্বজনেরা বলেন, ইউনিয়নের ওই ছাত্রীকে (১৭) একই ইউনিয়নের মিঠুন মণ্ডল (৩০) স্কুলে আসা–যাওয়ার পথে উত্ত্যক্ত করছিলেন। মেয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে ছাত্রীর বাবা বিষয়টি মিঠুনের বাবা সুনীল মণ্ডলকে জানান। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। এতে মিঠুন আরও বেপরোয়া হয়ে ওঠেন।
ছাত্রীর মা বলেন, রোববার বেলা ১টার দিকে তাঁর মেয়ে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। পথে মাহিলাড়া এলাকায় পৌঁছালে মিঠুন তাঁর সহযোগীদের নিয়ে তাঁর মেয়েকে মোটরসাইকেলে করে নিয়ে যান।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, অপহরণের ঘটনায় সোমবার রাতে অপহৃত ছাত্রী বাবা বাদী হয়ে মিঠুন মণ্ডলকে প্রধান করে চারজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।
এদিকে ১৬ ফেব্রুয়ারি মাহিলাড়া ইউনিয়নের দশম শ্রেণির আরেক ছাত্রীকে অপহরণ করা হয়। তার হদিস এখনো পাওয়া যায়নি। তবে গত সোমবার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন থেকে অপহৃত সপ্তম শ্রেণির ছাত্রীকে (১৩) গৌরনদী মডেল থানার পুলিশ মাদারীপুর থেকে উদ্ধার করেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সগীর হোসেন বলেন, মাদারীপুর থেকে উদ্ধার হওয়া ছাত্রীকে বরিশালে পাঠানো হয়েছে। আর অপহরণকারী রেজাউল সরদারকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।