কুমিল্লার দাউদকান্দিতে ১০টি সোনার বারসহ সেন্টু কর (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ। ওই সোনার ওজন ১১৫ ভরি।
গতকাল শনিবার রাতে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে সেন্টুকে আটক করা হয়। তাঁর বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চালনা গ্রামে।
থানার পুলিশ সূত্র জানায়, গতকাল রাত নয়টার দিকে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসে থাকা সেন্টুর দুই জুতার ভেতর আটটি এবং শার্টের পকেট থেকে দুটি সোনার বার পাওয়া যায়।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।