ফেনীর দাগনভূঞা উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রী অপহরণের শিকার হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় অপহৃত ছাত্রীর মা আবুল হোসেন নামের এক বখাটের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
পুলিশ ও ছাত্রীর পরিবার জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার সময় বখাটে আবুল হোসেন ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। গত মঙ্গলবার সকালে ওই ছাত্রী কোচিং করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় আবুল হোসেন ও তাঁর সহযোগী কয়েকজন যুবক ওই ছাত্রীকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।