দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মো. নুরুজ্জামান (২৫)।
সীমান্তের ৩১১ নম্বর মূল পিলারের ৫ নম্বর সাব-পিলারের কাছে গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নুরুজ্জামান দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রামের শহিদুর রহমানের ছেলে।
২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী প্রথম আলোকে বলেন, এ ঘটনার প্রতিবাদ জানালে গতকাল বেলা ১১টায় বড়গ্রাম সীমান্তের কাছে পতাকা বৈঠকে বসে বিজিবি-বিএসএফ। বৈঠকে বিএসএফ সদস্যরা জানান, ভোরে নুরুজ্জামানসহ পাঁচজনের একটি দল ভারতে গরু আনতে যায়। এ সময় বিএসএফ সদস্যরা ধাওয়া করলে ওই দলের সদস্যরা লাঠি দিয়ে বিএসএফ সদস্যদের অঘাত করেন। এ সময় বিএসএফ আত্মরক্ষার্থে গুলি চালালে তা নুরুজ্জামানের পায়ে লাগে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে প্রচুর রক্তক্ষরণে তিনি মারা যান।