সুনামগঞ্জ পৌর শহরের ইকবাল নগর এলাকায় গত বৃহস্পতিবার ১০ বছরের এক বাক্প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। একই দিন টাঙ্গাইলের সখীপুরে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়।
পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, বাক্প্রতিবন্ধী শিশুটি বৃহস্পতিবার বিকেলে ইকবালনগর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। সন্ধ্যার আগে একই এলাকার সিএনজিচালিত অটোরিকশার এক চালক (১৬) তাকে ডেকে সড়কের পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় জড়িত সন্দেহে অটোরিকশার ওই চালককে আটক করা হয়েছে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাদেক বলেন, বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী বখাটে (১৬) শিশুটিকে ফুসলিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ছেলেটি পালিয়ে যায়।