নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নামাবরগাঁও গ্রামে গতকাল রোববার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার দবির উদ্দিন ভূঁইয়া উচ্চবিদ্যালয়ের পাশের একটি মাঠে ক্রিকেট খেলা চলছিল। এ সময় নামাবরগাঁও গ্রামের উজ্জ্বল মিয়া ও সাজ্জাদ হোসেনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে উজ্জ্বলের নেতৃত্বে তাঁর লোকজন সাজ্জাদ ও তাঁর বন্ধুদের ওপর হামলা চালান। পরে সাজ্জাদের লোকজন পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।