দুই বাড়িতে ডাকাতি, দম্পতি জখম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত রোববার গভীর রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা মাহমুদপুর ইউনিয়নের গহরদী নয়াপাড়া গ্রামের এক দম্পতিকে কুপিয়ে জখম করে।
আহত গৃহকর্তা ইব্রাহিম ও তাঁর স্ত্রী জয়নব আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ইব্রাহিম গতকাল সোমবার গণমাধ্যমকর্মীদের বলেন, রাতে ১৫-২০ জনের ডাকাতদল তাঁর বাড়ির কলাপসিবল ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। তাঁকে ও তাঁর স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ২৮ হাজার টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে।
একই রাত ১২টার দিকে একই ইউনিয়নের আগুয়ান্দী গ্রামের এক বাড়ি থেকে ডাকাতদল টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি মো. সাখাওয়াত হোসেন উভয় ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।