বাড়িতে চলছিল বিয়ের প্রস্তুতি। মেয়ের অমতেই অভিভাবকেরা বিয়ের আয়োজন করেন। আর উপায় না পেয়ে মেয়েটি এক প্রতিবেশীর সহায়তায় ইউএনওকে মুঠোফোনে বিষয়টি জানান। খবর পেয়ে বিয়ের আসর থেকে বর, কনের বাবা ও বরের বাবাকে আটক করেন ইউএনও। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মেয়েটি (১২) স্থানীয় ইকরচলী উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে।