সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মো. মুখলেছুর রহমান (৪৫) দুর্বৃত্তের লাঠির আঘাতে আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে মসজিদ লাগোয়া ইমামের বসতঘরের সামনে এ ঘটনা ঘটে।
ইমামের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সোয়া চারটার দিকে এক ব্যক্তি পেটের ব্যথার কথা বলে মসজিদের ইমাম মুখলেছুর রহমানের কাছ থেকে পানি পড়া নিতে তাঁর বসতঘরের সামনে আসে। এ সময় ঘরের দরজা খোলা মাত্রই ওই ব্যক্তি লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এ সময় ইমাম সাহেব ওই ব্যক্তিকে জাপটে ধরার চেষ্টা করলে সে চাদর ও জুতো ফেলে পালিয়ে যায়। পরিবারের লোকজনের চিৎকারে আশপাশে থাকা মানুষজন এগিয়ে ইমামকে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।