
চট্টগ্রাম থেকে প্রেমিকাকে নারায়ণগঞ্জে ডেকে এনে ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাথা ন্যাড়া করে কৌশলে পালানোর চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, গত শুক্রবার চট্টগ্রাম থেকে মুঠোফোনে প্রেমিকাকে ডেকে এনে শহরের গলাচিপা এলাকায় একটি বাড়িতে ধর্ষণ করে রবিউল। গতকাল সোমবার নির্যাতনের শিকার ওই নারী সদর মডেল থানায় মামলা করেন। ওই মামলার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি কামরুল ইসলাম আরও বলেন, গত ছয় মাস আগে চট্টগ্রামের হাটহাজারীতে একটি বিয়ের অনুষ্ঠানে রবিউল ইসলামের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। তখন তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। ঈদের ছুটিতে ৭ জুন রবিউলের দাওয়াতে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে আসেন ওই তরুণী। পরে শহরের গলাচিপায় শ্যামলী পরিবহনের কাউন্টারের পাশে একটি কক্ষে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে রবিউল। ঘটনার পর তাকে বাসে করে চট্টগ্রাম পাঠানোর চেষ্টা করে রবিউল, এ সময় তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে লোকজন জড়ো হলে রবিউল পালিয়ে যায়। রবিউল ইসলাম গ্রেপ্তার এড়াতে মাথা ন্যাড়া করে সীমান্ত দিয়ে দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।