ধানখেতে পড়ে ছিল স্কুলছাত্রের গলাকাটা লাশ

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বোরো ধানের খেত থেকে এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আজ শনিবার দুপুরে উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পশ্চিম ভোপলা এলাকার একটি বোরোখেত থেকে ওই ছাত্রের লাশটি উদ্ধার করে ঠাকুরগাঁও থানা-পুলিশ।

ওই স্কুলছাত্রের নাম মোহাম্মদ রাসেল (১৪)। সে ভোপলা গ্রামের সাদেকুল ইসলামের ছেলে। স্থানীয় বালাপাড়া উচ্চবিদ্যালয়ে সে অষ্টম শ্রেণিতে পড়ত।

বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ বনি আমিন প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার রাতে এশার নামাজ শেষে বাড়ির পাশের কফিল পাড়ার একটি মসজিদের বৈদ্যুতিক সংযোগ মেরামত করছিল রাসেল। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করে তাঁকে পাওয়া যায়নি। শনিবার সকাল ১০টার দিকে ইয়াকুব আলী নামে স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গেলে ধান খেতে উপুড় অবস্থায় রাসেলের লাশ দেখতে পান। পরে পুলিশ এসে বেলা একটার দিকে রাসেলের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

স্কুলছাত্রের লাশ উদ্ধারের তথ্যের সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছেন। লাশের মাথা ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। কারা কি কারণে রাসেলকে খুন করেছে, এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।