নারায়ণগঞ্জে রকেট লঞ্চারের শেল উদ্ধার

রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে ২ জুন বিপুলসংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। ফাইল ছবি
রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে ২ জুন বিপুলসংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টর এলাকার একটি লেক থেকে আরও একটি রকেট লঞ্চারের শেল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে শেলটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মইনুল হক বলেন, রূপগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের পর থেকে লেকে আরও অস্ত্র-গোলাবারুদ আছে কি না, সেটি তল্লাশি করার জন্য সেচযন্ত্র বসিয়ে পানিনিষ্কাশন করা হয়। পরে লেকের প্রায় অর্ধেক পানি সেচ করা হলে পানিতে একটি বক্স দেখতে পায় পুলিশ। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বক্সটি লেকের পাড়ে তুলে এনে খোলা হলে সেখানে একটি রকেট লঞ্চারের তাজা শেল পাওয়া যায়।

পুলিশ সুপার বলেন, গত শুক্রবার পূর্বাচল উপশহরের লেক থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের পর থেকে ওই লেকসহ আশপাশের এলাকায় পুলিশি প্রহরা বসানো হয়েছে। গত ছয় দিন ধরেই পুলিশ লেকের পানি সেচার চেষ্টা করছে। লেকটি বড় হওয়ায় পানি সেচতে সময় লাগছে। পানিনিষ্কাশন শেষ হলে তল্লাশি চালানো হবে। কিছু না পাওয়া গেলে অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, মোট ১০টি পানিনিষ্কাশন যন্ত্র (শ্যালোমেশিন) দিয়ে পানি সেচার কাজ চলছে। এরই মধ্যে লেকের প্রায় অর্ধেক পানি সেচা হয়েছে। আগামীকালের মধ্যে পানি সেচার কাজ শেষ হতে পারে।

গত বৃহস্পতিবার রাত থেকে পরদিন শুক্রবার দুপুর পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশ পূর্বাচল উপশহরের ৩ ও ৫ নম্বর সেক্টরের অভিযানে দুটি রকেট লঞ্চার, ৬২টি সাব-মেশিনগান, ৫টি পিস্তল, ৪২টি হ্যান্ড গ্রেনেড, ৪৫টি ম্যাগাজিন, বিপুলসংখ্যক গুলিসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।