সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের কাউনাই নদ থেকে গতকাল মঙ্গলবার দুপুরে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে নৌ-পুলিশ। ধরমপাশা উপজেলার জয়শ্রী নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান বলেন, উপজেলার কাউনাই নদে চলাচলকারী কয়লা, বালু ও পাথর বোঝাই করা বাল্কহেড নৌকার লোকজনদের কাছ থেকে স্থানীয় কিছু চাঁদাবাজ চাঁদা আদায় করে আসছিল। খবর পেয়ে গতকাল দুপুর সাড়ে ১২টায় সেখানে অভিযান চালানো হয়। নৌ-পুলিশের অভিযান টের পেয়ে চাঁদাবাজেরা তাদের ইঞ্জিনচালিত নৌকা কাউনাই নদে ডুবিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। পরে পুলিশ নৌকাটি ওই নদ থেকে উদ্ধার করে তা জব্দ করে।