পুরোহিত হত্যা: বিশ্ববিদ্যালয় ছাত্র আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুরোহিত হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নাজমুস সাকিব ওরফে মুন নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার তাঁকে আটক করা হলেও বিষয়টি আজ মঙ্গলবার প্রকাশ করা হয়।

এই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার পরিদর্শক আইয়ুব আলী আজ দুপুরে আদালত চত্বরে সাংবাদিকদের বলেন, সোমবার বিকেলে দেবীগঞ্জ সদরের মধ্যপাড়া থেকে নাজমুস সাকিবকে আটক করা হয়। তাঁকে হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে নাজমুস সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
নাজমুস সাকিব দেবীগঞ্জ শহরের মধ্যপাড়া এলাকার আবদুল খালেকের ছেলে। সাকিবের বাবা আবদুল খালেক বলেন, সোমবার দুপুরে তাঁর ছেলেকে পুলিশ তুলে নিয়ে যায়। সাকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের পরীক্ষা দিয়েছেন বলে জানান তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘পুরোহিত হত্যার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করা হয়েছে বলে শুনেছি। কিন্তু কাগজপত্র না দেখে এই মুহূর্তে তাঁর ছাত্রত্বের বিষয়টি নিশ্চিত করে বলা সম্ভব নয়।’
গত রোববার সকালে দেবীগঞ্জের সোনাপোতা গ্রামের শ্রীশ্রীসন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় মঠের সেবায়েত গোপাল চন্দ্র দুর্বৃত্তদের গুলিতে আহত হন।
এ ঘটনায় ওই দিনই নিহতের বড় ভাই রবীন্দ্রনাথ একটি হত্যা মামলা করেন। অস্ত্র ও বিস্ফোরক আইনে পুলিশের পক্ষে উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান আরেকটি মামলা করেন। দুই মামলাতেই অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামি করা হয়। হত্যাকাণ্ডের পর তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের ১৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

এবার মঠপ্রধানকে গলা কেটে হত্যা

পঞ্চগড়ে মঠপ্রধান হত্যায় জেএমবির সদস্যসহ গ্রেপ্তার ৩