বরিশালে আসামি ধরতে যাওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার পুলিশ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে।
আহত ব্যক্তিরা হলেন হিজলা থানার ওসি গোলাম সরোয়ার, এসআই জহিরুল ইসলাম, পুলিশ সদস্য (কনস্টেবল) মো. মহিউদ্দিন, কামরুজ্জামান ও আঁখি আক্তার। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ডাকাতিসহ ১৬ মামলার আসামি মামুন সরদারকে খুন্না গোবিন্দপুর এলাকায় তাঁর বাড়ি থেকে আটক করা হয়। এ সময় মামুনের মা, বাবা এবং বোনেরা দা, শাবল ও রড নিয়ে পুলিশের ওপর হামলা চালান। তাঁরা দা দিয়ে কুপিয়ে এবং শাবল দিয়ে পিটিয়ে ওসি ও এসআইকে আহত করেন। এ সময় অন্য পুলিশ সদস্যরা সাহায্যের জন্য এগিয়ে এলে তাঁদেরও রড ও শাবল দিয়ে পেটানো হয়। এই সুযোগে মামুন সরদার পালিয়ে যান।