কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তসংলগ্ন এলাকায় পুলিশের কাছ থেকে এক ফেনসিডিল ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের শকুনতলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শকুনতলা গ্রামের মাদক ব্যবসায়ী মোহাম্মদ লাবু (৩২) নিজ বাড়িতে ফেনসিডিল কেনা-বেচা করছেন—এমন সংবাদ পেয়ে মথুরাপুর পুলিশ ক্যাম্পের এএসআই শরিফুল ইসলাম ও তেকালা ক্যাম্পের এএসআই রাসেল আহমেদের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে লাবুকে আটক করে। পরে পুলিশের পিকআপে ওঠানোর সময় লাবুর সহযোগী বাহিনীপ্রধান আরিফের নেতৃত্বে মদন, লালু, বিদুসহ ২৫-৩০ সশস্ত্র সন্ত্রাসী একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর পুলিশের কাছ থেকে লাবুকে ছিনিয়ে নেয় তারা। এ সময় এএসআই শরিফুল ইসলাম কয়েকটি গুলি ছুড়ে সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করে দেন।
দৌলতপুর থানার ওসি এনামুল হক বলেন, লাবুর বিরুদ্ধে থানায় অন্তত পাঁচটি মামলা রয়েছে।