পুলিশ পরিচয়ে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ পরিচয় দিয়ে দ্বীন ইসলাম নামের এক নসিমনচালকের বাড়িতে ডাকাতি হয়েছে। পৌরসভার ছোট বাড়ৈপাড়া গ্রামে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। দ্বীন ইসলাম বলেন, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে পুলিশের পরিচয় দিয়ে কয়েকজন তাঁকে বাড়ির দরজা খুলতে বলে। প্রথমে তিনি দরজা খুলতে চাননি। এ সময় বাইরে থাকা লোকজন লাথি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করে। তখন দরজা খুলে দিলে ডাকাতেরা প্রথমে তাঁর হাত-পা বেঁধে ফেলে। ডাকাতেরা মাটির ব্যাংক ও স্যুটকেসে থাকা নগদ ১৪ হাজার টাকা, চার ভরি ওজনের রুপার অলংকার, একটি মুঠোফোন লুট করে।