বিভিন্ন সংগঠনের কর্মসূচি

পেট্রলবোমায় মানুষ হত্যা বন্ধ করো

গাড়িচালকদের পুড়িয়ে মারার প্রতিবাদে এবং সহিংস কর্মসূচি বন্ধের দাবিতে গতকাল রাজধানীতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সম্মুখে কাফনের কাপড় পরে চালকদের অবস্থান l প্রথম আলো
গাড়িচালকদের পুড়িয়ে মারার প্রতিবাদে এবং সহিংস কর্মসূচি বন্ধের দাবিতে গতকাল রাজধানীতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সম্মুখে কাফনের কাপড় পরে চালকদের অবস্থান l প্রথম আলো

রাস্তায় দাঁড়িয়ে এবং যানবাহনের হর্ন ও বাঁশি বাজিয়ে হরতাল-অবরোধ এবং মানুষ হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে শ্রমিক-কর্মচারী, পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।
এ ছাড়া আরও কয়েকটি সংগঠন মানুষ হত্যার প্রতিবাদে ঢাকায় পৃথক কর্মসূচি পালন করেছে।

অবরোধ-হরতাল ও দেশজুড়ে সহিংসতার প্রতিবাদে গতকাল সচিবালয়ের সামনে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের অবস্থান কর্মসূচি l ছবি: প্রথম আলো

গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে একটা থেকে একটা পর্যন্ত ঢাকাসহ সারা দেশে সমন্বয় পরিষদ কর্মসূচি পালন করে। পেট্রলবোমা মেরে মানুষ হত্যা, যানবাহনে আগুন-ভাঙচুর, শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য ও ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন ধ্বংসের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে তারা এ কর্মসূচি পালন করেছে। সচিবালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক নৌমন্ত্রী শাজাহান খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

চলমান রাজনৈতিক সংকট নিরসনের দাবিতে গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন


এ ছাড়া জাতীয় প্রেসক্লাব, মতিঝিল, কারওয়ান বাজার, আফতাবনগর, ফার্মগেট, মধ্য বাড্ডা, রেল ভবনের সামনে এবং রাজউক অ্যাভিনিউয়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন: দুপুর ১২টার দিকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের কাছে বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা সাদা পতাকা নিয়ে মানববন্ধন করেন। পরে তাঁরা মৌন মিছিল নিয়ে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁদের আটকে দেয়। এ সময় তাঁদের একটি প্রতিনিধিদল কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি জমা দেয়।
এতে শিক্ষাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার এবং পরীক্ষার সময় হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবি জানানো হয়।
ইসলামী আন্দোলনের মানববন্ধন: রাজনৈতিক সংকটের নিরসন এবং সহিংসতা বন্ধে অবিলম্বে সংলাপের উদ্যোগ নেওয়ার দাবিতে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন। গতকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দলের নেতা-কর্মীরা সাদা পতাকা হাতে রাস্তায় অবস্থান নেন।

এই মায়ের এক সন্তান প্রাণ হারিয়েছেন রাজনৈতিক সহিংসতায়। প্রতিবাদ জানাতে গতকাল তিনিও এসেছিলেন গুলশানে

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সংকট নিরসনে সংলাপের জন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদ জানান।