সিলেটের এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট (এটিআই) ক্যাম্পাসে যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রচারণা চালানোর সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চারজন কর্মীকে শ্রেণিকক্ষে আটকে রেখে মারধর করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত চারজন হলেন এটিআইয়ের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী আমিরুদ্দিন, চতুর্থ সেমিস্টারের বিশ্বজিৎ শীল, সাইদুর রহমান ও বুলবুল জাহান। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রফ্রন্টের অভিযোগ, এটিআইয়ের অধ্যক্ষের নির্দেশে ছাত্রশিবিরের একদল নেতা-কর্মী এ হামলা করেছেন। তবে অধ্যক্ষ অমিতাভ দাশের দাবি, সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে এ কাজ করেছে।
মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি রেজাউর রহমান বলেন, ‘ঘটনাটি অধ্যক্ষের নির্দেশে ঘটেছে বলে আমরা নিশ্চিত হয়েছি।’