এমবিবিএস ভর্তির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার রাতে ইউজিসির জনসংযোগ শাখার একজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান।
ওই কর্মকর্তা আরও জানান, এ বিষয়ে তাঁরা একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন।
আজ সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে একযোগে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ইউজিসির সহকারী পরিচালক ওমর সিরাজসহ তিন ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান প্রথম আলোকে বলেন, রাজধানীর আগারগাঁও থেকে ওই তিনজনকে আটক করা হয়।