
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় রোজিনা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ফতুল্লার ইদ্রাকপুরের একটি বাড়ির ফ্ল্যাট থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের ভাষ্য, প্রেমিকের হাতে ওই গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনার পর আরিফ ওরফে সঞ্জয় নামের কথিত প্রেমিক পালিয়ে গেছেন।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল করিম বলেন, রোজিনার বাবার বাড়ি ঢাকার কেরানীগঞ্জ এলাকায়। দুই মাস আগে রোজিনা ও আরিফ ওরফে সঞ্জয় স্বামী-স্ত্রী পরিচয়ে ইদ্রাকপুরে একটি বাড়ি ভাড়া নেন। আরিফ স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। অন্যদিকে রোজিনা ওই বাড়িতেই থাকতেন। আজ দুপুরে প্রতিবেশীরা রোজিনাকে তাঁর ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ফতুল্লা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে রোজিনাকে মৃত অবস্থায় উদ্ধার করে লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ওই গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশ থেকে ওড়না ও মাল্টিপ্লাগের তার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে এসআই আবদুল করিম বলেন, রোজিনার স্বামী বিদেশ থাকেন। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। রোজিনার পরিবারের অভিযোগ যে আরিফ তাঁর স্বামী নন, প্রেমিক। ধারণা করা হচ্ছে, কোনো বিষয়ে নিজেদের মধ্যে বিরোধের জের ধরে রোজিনাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছেন আরিফ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মঞ্জুর কাদের বলেন, এ ঘটনায় রোজিনার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আরিফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।