ফরিদপুরে ধান সেদ্ধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে এসে দলিলউদ্দিন শেখ (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। ভাঙ্গা উপজেলার মানিকদী গ্রামে গতকাল রোববার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামে ধান সেদ্ধ করাকে কেন্দ্র করে হবি শেখ ও মোতালেব শেখের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ ঠেকাতে ঘটনাস্থলে এলে দলিলউদ্দিনের বুকে ব্যথা শুরু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ইমরান হোসেন জানান, কমপ্লেক্সে আসার আগেই দলিলউদ্দিনের মৃত্যু হয়েছে।
ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম জানান, এ বঘটনায় নিহতের ছেলে কাঞ্চন শেখ বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন।