ফেনীর ফুলগাজীতে নুরুল ইসলাম ওরফে রায়হান (২৫) নামে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
রায়হান ফুলগাজী সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত নয়টার দিকে রায়হান তাঁর কয়েকজন বন্ধুসহ সাহাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈশাখী মেলা দেখতে যান। সেখানে আট-দশজন যুবক অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা রায়হানকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁকে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
রায়হান জানান, এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন আহমেদ বলেন, তিনি বিষয়টি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।