ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকা থেকে গতকাল শুক্রবার দুপুরে ফেনসিডিলভর্তি প্রাইভেট কারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন যশোরের ঝিকরগাছার নূর ইসলাম (৪০) ও মনিরামপুরের আরিফুল ইসলাম (৩২)। র্যাব-৮ ফরিদপুরের উপ-অধিনায়ক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, র্যাবের একটি দল দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গার ব্রাহ্মণপাড়া এলাকায় যশোর থেকে আসা ঢাকাগামী একটি সাদা প্রাইভেট কারকে থামার সংকেত দেয়। এ সময় গাড়ি থামিয়েই দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাঁদের ধরার পর গাড়ি তল্লাশি করে ৩৫২ বোতল ফেনসিডিল পাওয়া যায়।