বগুড়ার মহাস্থানগড়ের পাশে ধাওয়াকোলা গ্রামে গতকাল রোববার এক ব্যক্তির বাড়িতে মাটি খোঁড়ার সময় একটি মাটির পুরোনো হাঁড়ি পাওয়া যায়। হাঁড়ির ভেতরে পুরোনো আমলের এসএমজি ও এলএমজির ২৪টি গুলি, ১৩টি মাগাজিন ও ছয়টি গ্রেনেড পান শ্রমিকেরা।
পুলিশের ধারণা, এসব গুলি ও গ্রেনেড ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে রাখা হয়েছিল।
গৃহকর্তা আশিক খান প্রথম আলোকে বলেন, গতকাল সকালে শ্রমিক লাগিয়ে সেপটিক ট্যাংকের গর্ত খোঁড়া হচ্ছিল। এ সময় শ্রমিকেরা মাটির নিচে ওই হাঁড়ি দেখতে পান। পরে এর ভেতরে গ্রেনেড ও গুলি পাওয়া যায়। পরে খবর দিলে পুলিশ এসে গুলি ও গ্রেনেড উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সনাতন চক্রবর্তী বলেন, এসব গুলি ও গ্রেনেড মুক্তিযুদ্ধকালের। তবে এগুলো মুক্তিযোদ্ধাদের নাকি পাকিস্তানি বাহিনীর, তা নিশ্চিত হওয়া যায়নি।