বদরগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা চেষ্টার অভিযোগ

রংপুরের বদরগঞ্জে মোরসেনা খাতুন (২৩) নামে এক গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার ওই গৃহবধূ বাদী হয়ে স্বামীসহ পাঁচজনকে আসামি করে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাধানগর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের নাসির উদ্দিনের মেয়ে মোরসেনা খাতুনের সঙ্গে পাঁচ বছর আগে বদরগঞ্জ পৌরসভার শাহাপুর তেলিপাড়া গ্রামের ইব্রাহিম মণ্ডলের ছেলে নুরুন্নবীর (৩০) বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মোরসেনাকে দুই লাখ টাকা যৌতুক আনতে চাপ দিতে থাকে। এতে অস্বীকৃতি জানালে তাঁর ওপর শারীরিক ও মানুষিক নির্যাতন চালানো হতো। এর একপর্যায়ে তাঁকে হত্যার পরিকল্পনা করেন তাঁর স্বামী।
ওই গৃহবধূ অভিযোগ করেন, ‘গত মঙ্গলবার খাওয়া শেষে রাতে তিন বছরের একমাত্র সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ি। রাত ১০টার দিকে আমার স্বামী নুরুন্নবী গ্রামের রিকশাচালক রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘরে ঢোকেন। এরপর কোনো কিছু বোঝার আগেই গামছা দিয়ে আমার মুখ ও গলা চেপে ধরেন তিনি। রফিকুল মাটিতে আমার পা ঠেসে ধরেন। একপর্যায়ে কোনোমতে আমি চিৎকার শুরু করলে এলাকার লোকজন দৌড়ে আসামাত্রই তাঁরা পালিয়ে যান।’
মোরসেনার বড় ভাই হারুন অর রশিদ অভিযোগ করেন, যৌতুকের টাকা দিতে না পারায় ওই হত্যার পরিকল্পনা করা হয়।
এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে নুরুন্নবী অকপটে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ স্বীকার করে বলেন, ‘তাঁকে বিয়ে করার পর থেকে আমার পরিবারে অশান্তি বিরাজ করছে। শান্তি ফিরে আনতে ওই হত্যার পরিকল্পনা করেছিলাম।’ তবে যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করেন তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহজাবীন কামাল বলেন, ‘ওই নারীর গলায় জখম রয়েছে।’