বন কার্যালয়ে ছাত্রলীগের হামলায় চারজন আহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বন (ফরেস্ট) কার্যালয়ে গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। এ সময় ছাত্রলীগের কর্মীদের হামলায় বন কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন।
চন্দ্রা বন কার্যালয় সূত্রে জানা গেছে, চন্দ্রা বন কার্যালয়ের অধীনে কালামপুর এলাকায় মাস খানেক আগে ছাত্রলীগের কয়েকজন কর্মী জমি দখল করেন। পরে সেখানে তাঁরা একটি অস্থায়ী কার্যালয় তৈরি করে সাইনবোর্ড টানিয়ে দেন।
দখল করা ওই জমি একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রির পাঁয়তারা করছিলেন ছাত্রলীগের ওই কর্মীরা। খবর পেয়ে চন্দ্রা কার্যালয়ের বন কর্মকর্তা রফিকুল ইসলাম বনের জমিতে কোনো ঘর তুলে কার্যালয় করা যাবে না বলে ছাত্রলীগের কর্মীদের জানিয়ে দেন। এতে ছাত্রলীগের কর্মীরা ক্ষিপ্ত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের কর্মী আবুল কাশেম, জসিম উদ্দিন, নাহার উদ্দিন, বাবুল মিয়ার নেতৃত্বে ৪০-৫০ জন নেতা-কর্মী গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চন্দ্রা বন কার্যালয়ে গিয়ে হামলা করেন। ওই সময় ছাত্রলীগের কর্মীরা কার্যালয়ের বিভিন্ন আসবাব ভাঙচুর করেন। তাঁরা কার্যালয়ে থাকা বন কর্মকর্তা রফিকুল ইসলাম, গার্ড আবদুল বারেক, হুমায়ুন, জাহিদুল ইসলামকে পিটিয়ে আহত করেন। এ সময় তাঁরা রফিকুল ইসলামের পকেট থেকে আট হাজার টাকা ও মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ছাত্রলীগের কর্মীরা পালিয়ে যান। ওই ঘটনায় থানায় গতকাল শুক্রবার কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনের নামে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে রফিকুল ইসলাম জানান, কালামপুর এলাকায় ছাত্রলীগের কর্মী আবুল কাশেমের নেতৃত্বে বনের জমি দখল করে একটি কোম্পানির কাছে বিক্রির পাঁয়তারা করা হচ্ছিল। এতে বাধা দিলে তাঁরা রাতে এসে হামলা চালিয়ে বন কার্যালয় ভাঙচুর করেন। তাঁরা নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যান।
এ ব্যাপারে কথা বললে ছাত্রলীগ কর্মী আবুল কাশেম ও জসিম উদ্দিনের মুঠোফোনে যোগযোগ করলেও তাঁরা ফোন ধরেননি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াদ হোসেন জানান, বন কার্যালয়ে কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁরা ছাত্রলীগ ও যুবলীগের কর্মী।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বন কর্মকর্তাদের একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।