সংক্ষেপ

বহিষ্কার

জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষার একটি কেন্দ্রে ছাত্রদের উত্তর বলে দেওয়ায় মাদ্রাসার তিন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুফিয়া আলিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরিদর্শকের দায়িত্বে ছিলেন ওই শিক্ষকেরা। আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। হঠাৎ কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম। তিনি দেখতে পান শিক্ষক মো. জাহেদ হোসাইন, ফরিদুল আলম ও রুহুল আমিন শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দিচ্ছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, তিন শিক্ষককে বহিষ্কারের পাশাপাশি তাঁদের বেতন-ভাতা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান জানান, পরীক্ষার কেন্দ্রে কোনো অনিয়মের সঙ্গে শিক্ষকেরা জড়িয়ে পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।