বাঁশখালীতে সংঘর্ষে ছাত্রলীগের দুই নেতা আহত

আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রামের বাঁশখালী আলাওল ডিগ্রি কলেজের সামনে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের দুই নেতা আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসের অদূরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত দুজন হলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরানুল হক ওরফে ইমরান ও সাংগঠনিক সম্পাদক ইমরুল হক চৌধুরী ওরফে ফাহিম। এমরানুল হক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইমরুলও চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আলাওল ডিগ্রি কলেজকে সরকারি করায় স্থানীয় সাংসদ নজরুল ইসলাম চৌধুরীকে গতকাল কলেজে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এমরানুল হক কলেজে যাওয়ার পথে ফটকের সামনে হামলার শিকার হন। তিনি মাথা ও শরীরে আঘাত পান। হামলকারীরা ইমরুল হক চৌধুরীর অনুসারী ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এর জের ধরে এমরানুলের অনুসারীরাও ইমরুল হক চৌধুরীকে মারধর করে।
এমরানুল হকের বোন জোবায়দা বেগম প্রথম আলোকে বলেন, তাঁর ভাই মাথা ও শরীরে আঘাত পেয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, এমরানুল ও ইমরুলের মধ্যে বিরোধ অনেক দিন ধরে। এর জের ধরে মারামারির ঘটনা ঘটেছে।