জমিসংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীর বাউফল উপজেলার মো. শাহজাহান হাওলাদার (৬০) ও মো. শহিদুল ইসলাম (৫৫) নামের দুই সহোদরকে গতকাল সোমবার সন্ধ্যায় পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ আহত দুই ভাইকে উদ্ধার করে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় বাসিন্দা ও আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, অনেক দিন ধরে কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের দুই বৃদ্ধ সহোদর শাহজাহান ও শহিদুলের সঙ্গে একই গ্রামের মো. রাজিব হোসেন হাওলাদারের (৩০) জমিসংক্রান্ত বিরোধ চলছে। ওই বিরোধকে কেন্দ্র করে একাধিকবার শহিদুলকে মারধর করা হয়। এর মধ্যে একটি ঘটনায় মামলা করেন শহিদুল।
ওই মামলা নিয়ে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে রাজিব ও শহিদুলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাজিব হাতে থাকা লাঠি দিয়ে শহিদুলকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেন। আহত শহিদুলকে বাঁচাতে বড় ভাই শাহজাহান এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে আহত দুই ভাইকে উদ্ধার করে রাত পৌনে নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এ বিষয়ে রাজিব হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সঙ্গে জড়িত না বলে জানান।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, আহত দুই ভাইকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।