পটুয়াখালীর বাউফল উপজেলাসংলগ্ন তেঁতুলিয়া নদীর মমিনপুর চরের পূর্ব পাশে গত সোমবার রাতে গবাদিপশুভর্তি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাত দল ফাঁকা গুলি করে ট্রলারসহ ৩০টি গবাদিপশু ও পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, শরীয়তপুরের গরু ব্যবসায়ী শাহজাহান মাঝি ও আরিফ সর্দার সোমবার উপজেলার কালাইয়া হাট থেকে ২২টি গরু ও আটটি মহিষ কিনে ট্রলারে করে নিয়ে যাওয়ার সময় রাত সাড়ে ১১টার দিকে তেঁতুলিয়া নদীর মমিনপুর চরের কাছে পৌঁছায়।
ওই সময় ১৫-২০ জনের একটি ডাকাতদল দুটি ট্রলার নিয়ে পশুভর্তি ওই ট্রলারটিকে আটক করে এবং চার-পাঁচটি ফাঁকা গুলি করে। পরে ডাকাতেরা গরু ব্যবসায়ী শাহজাহান ও আরিফকে মারধর করে প্রায় পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাঁদের ভোলার ভেলু মিয়ার চরে নামিয়ে দেয় এবং সব পশুসহ ট্রলারটি নিয়ে যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বলেন, ডাকাতির ঘটনা সত্য। তবে ঘটনাটি তেঁতুলিয়াসংলগ্ন ভোলা এলাকার মধ্যে ঘটেছে। বিষয়টি ওই থানাকে অবহিত করা হয়েছে।