
কক্সবাজারের উখিয়া উপজেলায় ১০ হাজারের বেশি ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উখিয়ার জামতলি এলাকা থেকে আজ মঙ্গলবার রাত নয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার যুবকের নাম মো. রায়হান (১৯)। তিনি টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়ার বাসিন্দা আবুল কালামের ছেলে।
র্যাব-১৫–এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ইয়াবা বিক্রি করার জন্য এক মাদক ব্যবসায়ী অবস্থান করছেন—গোপন সূত্রে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় রায়হানের কাছে থাকা বাজারের ব্যাগের ভেতর থেকে ১০ হাজার ৪৮৫টি ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাসহ তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।