ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশ দেড় বছরের এক শিশু ও তার মায়ের লাশ উদ্ধার করেছে। পরিবারের সদস্যরা বলছেন, মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর মা আত্মহত্যা করেছেন।
উপজেলার আতানগর গ্রামে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। মৃত দুজন হলেন গ্রামের মো. ইউছুফ মিয়ার স্ত্রী শাহিনুর আক্তার (৩০) ও মেয়ে জান্নাত আরা।
থানা-পুলিশ ও এলাকাবাসী বলেন, তিন বছর আগে ইউছুফ মিয়ার সঙ্গে একই উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে শাহিনুরের বিয়ে হয়। কৃষিশ্রমিক মো. ইউছুফ মিয়ার সংসারে অভাব-অনটন লেগেই থাকত। এ অবস্থা সহ্য না করতে পেরে শাহিনুর আক্তার শনিবার রাতে প্রথমে শিশু জান্নাতকে ভাতের সঙ্গে কেরির (ধানে ব্যবহৃত কীটনাশক) বড়ি মিশিয়ে খাওয়ান। পরে নিজে খেয়ে ঘরের ভেতরে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মো. ইউছুফ মিয়া বলেন, ‘ঠিকমতো খাওন দিতে পারতাম না। হের লাইগা মনের দুঃখে বউডা মইরা গেছে।’ তেজখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জলিল মিয়া বলেন, অভাবের কারণে ইউছুফ মিয়ার সঙ্গে শাহিনুরের প্রায়ই ঝগড়া হতো।