বান্দরবানে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

বান্দরবানে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত এক সাংবাদিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নাম জহির রায়হান। তিনি বৈশাখী টেলিভিশন ও চট্টগ্রাম থেকে প্রকাশিত চট্টগ্রাম মঞ্চ পত্রিকার জেলা প্রতিনিধি।
রোহিঙ্গা জঙ্গি সংগঠনের সঙ্গে জেলা আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার সম্পর্ক আছে মর্মে কয়েক দিন ধরে একটি ধারাবাহিক প্রতিবেদন লিখছেন জহির রায়হান। এই প্রতিবেদনের প্রতিবাদ হিসেবে গত বৃহস্পতিবার ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগ শহরে তাঁর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে। এক দিন পর গতকাল শনিবার তাঁর ওপর এই হামলা চালানো হলো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জহির রায়হান বিকেলে মোটরসাইকেল মেরামত করার জন্য স্টেডিয়াম এলাকায় যান। সেখানে তাঁকে দেখতে পেয়ে কয়েকজন যুবক তাঁর ওপর অতর্কিতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। যুবকেরা তাঁর ওপর কাঠের টুকরা দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এ সময় তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসকেরা জানান, জহিরের মাথার আঘাত অত্যন্ত গভীর। তাঁর ওপর হামলার সংবাদ পেয়ে সাংবাদিকেরা হাসপাতালে যান। পরে তাৎক্ষণিকভাবে তাঁরা বান্দরবান প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, তাঁরা হামলাকারীদের শনাক্ত করার জন্য চেষ্টা করছেন। জহির এখনো সংজ্ঞাহীন থাকায় প্রয়োজনীয় তথ্য জানা যাচ্ছে না।