বাবা-মায়ের কলহ ছেলের লাঠিতে বাবা খুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আন্ধরাইল গ্রামে গত সোমবার রাতে ছেলের লাঠির আঘাতে জামাল উদ্দিন (৪৭) নিহত হয়েছেন। এ ব্যাপারে নাচোল থানায় একটি মামলা করা হয়েছে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দিন বলেন, গত সোমবার রাত সাড়ে আটটার দিকে নাচোলের আন্ধরাইল গ্রামের জামাল উদ্দিন ও তাঁর স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। একপর্যায়ে বাবা-মায়ের কলহে ক্ষুব্ধ ছেলে রাজু আহমেদ (২৫) লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত জামাল উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় জামাল উদ্দিনের দ্বিতীয় স্ত্রী সেলিমা বেগম বাদী হয়ে রাজু আহমেদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। রাজু পলাতক।