
নরসিংদীর শিবপুর উপজেলায় বালতির পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া গেছে এক মাস বয়সী শিশুর লাশ। বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার মজলিশপুর গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
মারা যাওয়া ওই শিশুটির নাম জারিফ। সে একই গ্রামের মিষ্ঠু মিয়া ও বেবী ইয়াসমিন দম্পতির ছেলে।
ওই শিশুর মা বেবী ইয়াসমিন বলেন, ‘দুই সন্তানকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঘুমিয়ে ছিলাম। রাত আটটার দিকে ঘুম ভেঙে গেলে দেখি জারিফ সঙ্গে নেই। সে সময় আমার চিৎকারে আশপাশের লোক জড়ো হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ঘরের পাশেই পড়ে থাকা একটি বালতির পানিতে ডুবন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। আমার সন্তানকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই।’
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন, কে বা কারা এমন ঘটনা ঘটাল, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।