বাসা কিংবা ফ্ল্যাটের বাইরে তালা ঝোলানো দেখলেই তাঁরা চুরি করেন। লোহার রড দিয়ে বিশেষ কৌশলে তালাটি ভেঙে ফেলেন। এরপর একজন দরজার বাইরে, আরেকজন ভেতরে ঢোকেন। অপরজন বাসার নিচে পাহারায় থাকেন। নগরের দুটি বাসায় চুরির ঘটনার মামলার তদন্ত করতে গিয়ে তিন চোরকে গ্রেপ্তারের পর পুলিশ এসব তথ্য জানতে পারে। গ্রেপ্তার তিন চোর হলেন নাইমুল হক, মো. ফারুক ও আবুল বশর। গত শুক্রবার রাতে নগরের পুরাতন গির্জা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার চোরেরা জানিয়েছেন তাঁরা মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ান। তালাবদ্ধ কোনো বাসা দেখলেই চুরি করেন। তাঁদের সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে।
২ মে নগরের জেল রোড এলাকার দুটি বাসায় দিনের বেলায় চুরির ঘটনা ঘটে। তাঁরা তালা ভেঙে বাসাগুলোতে ঢুকেছিলেন। বাসা ভাড়া কিংবা কোনো ব্যক্তিকে খোঁজার কথা বলে তাঁরা বাসা বাড়িতে প্রবেশ করেন। গ্রেপ্তার চোরদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।