সংক্ষেপ

বিক্ষোভ

কুমিল্লার তিতাস উপজেলায় গতকাল শনিবার খননযন্ত্রের মাধ্যমে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। এলাকার কয়েকজন বাসিন্দা জানান, কাঠালিয়ার শাখা নদীর হোমনার হাবাতিয়া ও তিতাসের চরকুমারিয়া এলাকা থেকে দুর্বৃত্তরা গতকাল দিনব্যাপী অবৈধভাবে বালু উত্তোলন করে। পরে এই দুই উপজেলার কয়েকটি গ্রামের লোকজন তিতাসের চরকুমারিয়া বাজারে সমবেত হয়ে এর প্রতিবাদে বিক্ষোভ করেন। হোমনার মহিষমারী গ্রামের জাকিরুল আলম জানান, এভাবে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে গ্রাম, ফসলি জমি ও সড়কের ব্যাপক ক্ষতি হবে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে নদী থেকে বালু উত্তোলন করলে কতটুকু ক্ষতি হবে সেটা গ্রামবাসীই বলতে পারবে।’ দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি|