বিদেশি মুদ্রা জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অর্ধকোটি টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ নিজামুল হক ফরায়েজি (৩৫) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে বহির্গমন লাউঞ্জের চেকিং শেষে বিমানে ওঠার আগে তাঁকে আটক করা হয়। তিনি কাতার এয়ারের একটি ফ্লাইটে দুবাই যাচ্ছিলেন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, আটক যাত্রীর কাছ থেকে কাতার, জর্ডান, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বিপুল পরিমাণ মুদ্রা জব্দ করা হয়। তাঁর বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়।