হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল মঙ্গলবার সকালে ৩৪০ কার্টন বিদেশি সিগারেটসহ দুই যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। এসব সিগারেটের দাম প্রায় ২০ লাখ টাকা। আটক দুজন হলেন নূর আলম ও আবদুল হালিম।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, সকাল নয়টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে করে সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকায় আসেন নূর আলম ও আবদুল হালিম। দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁদের সঙ্গে থাকা চারটি লাগেজ তল্লাশি করে ৩৪০ কার্টন দক্ষিণ কোরিয়ার ইজি ব্র্যান্ডের সিগারেট আটক করা হয়।